জামালপুর স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, এএসপিকে মারধর! আটক ১
মোঃ মোশারফ হোসেন সরকার:
জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
হিমেলের অভিযোগ, স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তির প্রতিবাদ করায় কয়েকজন তরুণ তাকে মারধর করেন। এতে তার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশ ভেঙে গেছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, “আকাশ নামে একজন আটক আছে। আহত হিমেল চিকিৎসা নিয়ে ফিরে লিখিত অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নারীর প্রতি অসম্মান ও প্রতিবাদকারীর ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের।










