মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুই আইফোন ছিনতাই, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি ঠেকিয়ে এক দম্পতির দুটি দামি আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে মানিক মিয়া (২৩) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে মোহাম্মদপুর থানার ৪ নম্বর সলিমুল্লাহ রোডের ৭ নম্বর বাসার সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মাসফিকুর রহমান নামে এক যুবক ও তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা মোহাম্মদপুরের ওই বাসায় থাকেন। মাসফিকুর অস্ট্রিয়ায় পড়াশোনা করছেন এবং তার স্ত্রী একটি ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার দিন চারজন ছিনতাইকারী চাপাতি হাতে ওই দম্পতিকে ঘিরে ধরে এবং আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছে থাকা দুটি আইফোন ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে তাদের ভয়ভীতি দেখায় এবং দ্রুত একটি অটোরিকক্ষায় চড়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ও স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চন্দ্রিমা হাউজিংয়ের ৫ নম্বর এভিনিউ এলাকা থেকে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, মানিকের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া আইফোন দুটির বর্তমান অবস্থান রাজধানীর কাফরুল এলাকায় শনাক্ত করা হয়েছে। মোবাইল ফোন দুটি উদ্ধারে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










