সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৭ লাখ ৫৯ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল স্থানগুলো থেকে ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫৯ হাজার টাকা। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।










