পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় জালালপুর-গয়েশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং জালালপুর নতুনপাড়া এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে ও জালালপুর বাজারের মাছ ব্যবসায়ী সেলিম মাহমুদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালালপুর-গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মিয়া ও সেলিম মাহমুদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।










