ঢাকা-সৌদি রুটে ১৩৫ ফ্লাইট বাতিল ও স্থগিত: চরম ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে উদ্ভূত কড়াকড়ি ও সার্বিক নিরাপত্তার কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন অন্তত ২০ হাজার ৬৭২ জন যাত্রী, যাদের বড় অংশই সৌদি প্রবাসী কর্মী ও ওমরাহ যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সুত্রে জানা গেছে, বিভিন্ন এয়ারলাইন্সের বাতিল ও স্থগিত হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি ঢাকা-সৌদি রুটের এবং ৭৩টি অন্যান্য দেশের ট্রানজিট ফ্লাইট।
কোন এয়ারলাইন্সের কয়টি ফ্লাইট বাতিল?
বেবিচক ও বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী বাতিল/স্থগিত হওয়া প্রধান প্রধান ফ্লাইটগুলোর তালিকা:
ইন্ডিগো এয়ার (ট্রানজিট): ২৮টি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২২টি
সৌদিয়া এয়ারলাইন্স: ১৯টি
এমিরেটস এয়ারলাইন্স: ১৪টি
রিয়াদ এয়ারওয়েজ: ১০টি
কাতার এয়ারওয়েজ: ৯টি
ফ্লাই দুবাই: ৮টি
সালাম এয়ার: ৭টি
অন্যান্য এয়ারলাইন্স: অবশিষ্ট ফ্লাইটসমূহ
যাত্রীদের জন্য বেবিচকের পরামর্শ
ফ্লাইট বাতিলের খবর না জেনে বিমানবন্দরে এসে যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে ফ্লাইটের নতুন সময়সূচি (Re-schedule) নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।
এভিয়েশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পরিস্থিতির ওপর সার্বিক নজর রাখছে এবং বাতিল হওয়া যাত্রীদের সুবিধার্থে বিকল্প শিডিউল নির্ধারণে কাজ করছে।










