ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
১লা মার্চ সকালে মহিপাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পবিত্র রমজানকে উপলক্ষ্য করে শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও ইফতারি সামগ্রীর ওপর এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। ভোজ্যতেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় মেসার্স জয়নাল স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ২ হাজার টাকা এবং সুজন রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। এতে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










