কলাবাগানে ককটেল বিস্ফোরণে আওয়ামীলীগের শীর্ষ নেতা সহ ৪ জন গ্রেফতার, ১৩ ককটেল উদ্ধার
ফখরুল আলম সাজু:
রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা ও কলাবাগান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিনুর রহমান (৫৩), একই কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুন্নাহার লিপি (৫০), যুবলীগ কর্মী মোঃ নাজমুল হাসান (৪৯) এবং মোঃ বিল্লাল হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ৭-৮টি মোটরসাইকেলে ১০-১৫ জন কর্মী ধানমন্ডির মিরপুর রোডস্থ কলাবাগান ক্রীড়া চক্র মাঠের পাশে এসে ব্যানার প্রদর্শন করে এবং পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে, তবে তিনি কৌশলে রক্ষা পান। পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে নাজমুল ও বিল্লালকে আটক করে।
এদিকে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় কলাবাগান বাসস্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে থাকা ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে থেকে শামিনুর ও কামরুন্নাহার লিপিকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।
অভিযান পরিচালনাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল জব্দ করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১০টি সহ মোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?










পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।