ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করতে গিয়ে আহত ওসি মাহবুবুর রহমান
মো: আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদনী হাউজিং এলাকায় এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করতে গিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীর ওপর চড়াও হতে চেষ্টা করে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাকিরকে গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও আসামিকে উদ্ধারের চেষ্টার এক পর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতিতে ওসি মাহবুবুর রহমান আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জাকিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত ওসি মোঃ মাহবুবুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









