পরশুরামে পুকুরের পানিতে ভেসে উঠল দুই বছরের শিশুর মরদেহ
এম.এ. কাজী আজিম, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরিফা সুলতানা (২)। সে টেটেশ্বর গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা যখন রান্নাঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন, তখন কোনো একসময় শিশু আরিফা সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে তাৎক্ষণিকভাবে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশু আরিফা সুলতানার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।









