চৌদ্দগ্রামে জরাজীর্ণ সড়ক পরিদর্শনে সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামের দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
মঙ্গলবার দুপুরে তিনি বাতিসা গ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সড়কগুলোর বর্তমান দুরবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয়রা দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
পরিদর্শনকালে রাশেদা বেগম হীরা সড়কগুলোর বেহাল অবস্থা দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এসব সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজাদ পালোয়ান হিরন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.এম. সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুস ফরায়েজী, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।










