মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাগেরহাট ও মোংলা প্রতিনিধি:
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলার আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিতকরণ এবং সার্বিক আধুনিকায়নের চলমান কাজগুলো দ্রুত ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি ও মোংলা বন্দরের পরিচালন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বন্দর পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বন্দরের জেটি, কনটেইনার ইয়ার্ড এবং সংলগ্ন প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের নানা উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দরের নাব্যতা সংকট দূরীকরণে ক্যাপিটাল ড্রেজিং অব্যাহত রাখা, আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট স্থাপন, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন এবং দ্রুততম সময়ে পণ্য খালাস নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বন্দরের পুরো সক্ষমতা ব্যবহার করা গেলে অঞ্চলের সামগ্রিক বাণিজ্য, নতুন বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য তিনি তাগিদ দেন।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









