ফতুল্লায় রিকশা গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনে
মো: আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন গ্যারেজ সংলগ্ন কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার (২১ আগস্ট) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গাবতলী এলাকার ওই অটোরিকশা গ্যারেজ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন এলাকাবাসী। অটোরিকশার গ্যারেজে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পাশের ঝুটের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্রতার সৃষ্টি হয়। স্থানটি জনবহুল হওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বশীল কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার পরপরই ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর স্টেশন থেকে চারটি ইউনিট পাঠোনো হয়। ফায়ার ফাইটারদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের বিপর্যয় ঘটার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা ফায়ার সার্ভিসের তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।