দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারী বর্ষণ
মো: আরিফুল ইসলাম:
মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় এবং স্থল নিম্নচাপের প্রভাবে আগামী অন্তত পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ুর অক্ষ এবং লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
বিভাগভিত্তিক আবহাওয়ার পরিস্থিতি
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট: এসব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ: এই বিভাগগুলোর বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাস
বৃষ্টিপাতের প্রভাবে দেশের কোথাও কোথাও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় অঞ্চল ও নদীবন্দরগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।










