কুতুবপুর বাসীর চরম ভোগান্তি: পিলকুনি-হাজী মিসির আলি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবি
মোঃ আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের পিলকুনি পুলপাড় থেকে হাজী মিসির আলি কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষের যাতায়াতের এই সড়কটি সংস্কারের অভাবে এখন চরম দুর্ভোগের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ফলে পিলখুনি, নন্দলালপুর, দেওয়াতলা ও দেলপাড়া এলাকার বাসিন্দারা প্রতিদিন চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছেন।
বাস্তব চিত্র অনুসন্ধানে জানা যায়, সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা, যা দেখে বোঝার উপায় থাকে না এটি সড়ক নাকি খাল। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় একাধিক গার্মেন্টস ও মিল-কারখানার হাজার হাজার শ্রমিক এবং হাজী মিসির আলি কলেজসহ অন্যান্য স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। অনেক সময় জরুরি চিকিৎসার জন্য রোগী নিয়ে যেতে গিয়ে পথেই আটকে পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ধুলোবালি ও কাদা-পানিতে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পোশাক কারখানার শ্রমিক ও শিক্ষার্থীদের সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর এখন একটাই জোর দাবি—জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও কুতুবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা যেন আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে সড়কটির পুনঃনির্মাণ ও টেকসই সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।










