হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার
ফখরুল আলম সাজু
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আদালতে যাওয়ার পথে বাবা, মেয়ে ও চাচাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের ২ সদস্যের বিরুদ্ধে, এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল-মামুন ও কনস্টেবল রহুল আমীনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানান, অভিযোগটি তদন্তাধীন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ২ পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে এ ঘটনা ঘটে, পরে প্রায় ৭ ঘণ্টা থানায় রাখার পর ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) ও ছোট ভাই ইউনুস মিয়াকে (৪৫) ছেড়ে দেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শনিবার দুপুরে বলেন, আটক ৩ জনকে বিকেল ৫ টার দিকে ছেড়ে দেওয়া হয়, তদন্তে তাদের ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
ওসি আরো বলেন, বিষয়টি তদন্তাধীন ঘটনাটি যদি সাজানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনের ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ২ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সূত্রে আরো জানা যায়, কালিশিরী গ্রামের ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী ১টি পরিবারের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা ও পাল্টা মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই মামলার ১টি হাজিরায় অংশ নিতে ছায়েদ মিয়া, তার মেয়ে জাসমিন ও ছোট ভাই ইউনুস ইজিবাইকে করে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন।
সকাল ১০টার দিকে বগাডুবী রেললাইনের মোড়ে তাদের ইজিবাইকের গতিরোধ করে পুলিশ, পরে তাদের তল্লাশি করে থানায় নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, তল্লাশির সময় পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়।









