জাতিসংঘে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
মো: আরিফুল ইসলাম:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের এক পূর্ণাঙ্গ বৈঠকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর নেমে আসা বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব কোনো একটি নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ নয়; এটি এখন বৈশ্বিক সংকেত।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, এই সংকট মোকাবিলায় কেবল মৌখিক আশ্বাস নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর সহায়তায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের এই জোরালো অবস্থান উপস্থিত বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে।









