চৌমুহনীতে নকল ভোজ্যতেল বাজারজাতের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা
মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চৌমুহনী বাজারে রেলস্টেশনের পাশে নকল মেরিকো প্যারাসুট ও বেলিফুল ব্র্যান্ডের ভোজ্যতেল বাজারজাত করার অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ (১) ও ২৭ (১) ধারায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শহীদুল ইসলাম বাবর (৪৩), পিতা: হাজী আবু তাহের, যাকে ৩০ হাজার টাকা এবং মমিনুল হক (৩৫), পিতা: মেজবাউল হক, যাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মোট দুইটি মামলায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে মো. নূরে আলম ফিরোজ, পরিদর্শক, বিএসটিআই নোয়াখালী, মেরিকো কোম্পানির প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বেগমগঞ্জ মডেল থানার এসআই আলা উদ্দিনসহ পুলিশের একটি চৌকস টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাদাত হোসেন জানান, জনস্বার্থে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









