রূপগঞ্জে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের খবরের মধ্যেই উত্তর ভূইঁগড়ে হাত-পা বাঁধা কিশোরীর লা'শ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য
মো:আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার খবরের আবহ কাটতে না কাটতেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে মিলল আরেক অজ্ঞাত এক কিশোরীর (১৫) হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ।
রোববার (১১ অক্টোবর) রাতে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ্ববর্তী উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিংক রোডের পাশে উত্তর ভূইঁগড় এলাকায় পরিত্যক্ত বা নির্জন স্থানে একটি সন্দেহভাজন বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি তল্লাশি করে। পরে বস্তার ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় কিশোরীর মরদেহটি উদ্ধার করি। নিহতের হাত ও পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করার পর আলামত গুম করার উদ্দেশ্যে মরদেহটি বস্তাবন্দি করে এই নির্জন এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, “নিহত কিশোরীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে; সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মতো ব্যস্ত সড়কের পাশে বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধারের খবরে ওই এলাকায় স্থানীয় অধিবাসীদের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।









