মিরপুরে ফুটপাত উচ্ছেদে ভেকুর আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে মসজিদে আগুন, হকারদের তাণ্ডব ও সাংবাদিকের ওপর হামলা
ফখরুল আলম সাজু
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযানের সময় এক্সকাভেটর বা ভেকুর আঘাতে ফুটপাতের পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে স্থানীয় বায়তুল কুদ্দুস জামে মসজিদ সংলগ্ন একটি অংশে আগুন ধরে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও হকারদের সূত্রে জানা যায়, সকালে সিটি করপোরেশনের একটি দল হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসে, উচ্ছেদ চলাকালে ভেকুর অসাবধানতা বশত ধাক্কায় বিদ্যুতের লাইন ছিঁড়ে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
এতে ক্ষুব্ধ হয়ে শত শত হকার সংগঠিত হয়ে উচ্ছেদ পরিচালনাকারী দলের ওপর চড়াও হয়, উত্তেজিত হকাররা সিটি করপোরেশনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং অন্তত ২টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত ২০-৩০ জন আনসার সদস্য প্রাণভয়ে মিরপুর-১৩ নম্বরের দিকে দৌড়ে পালিয়ে যান, যাদের পেছন পেছন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া করে হকাররা, পরবর্তীতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের ১টি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে হকাররা সেটিতেও হামলা চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় মসজিদের পাশের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপরও চড়াও হয় হামলাকারীরা ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হামলা চালায় ক্ষুব্ধ হকাররা।
তাণ্ডবের পুরো সময় জুড়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।









