মাটি কাটলে ওসির খবর আছে: নারায়ণগঞ্জে নৌ পুলিশকে কড়া হুঁশিয়ারি এমপি আল আমিনের
মো:আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধভাবে মাটি কাটার খবরের জেরে নৌ পুলিশের উপ-পরিদর্শক (ওসি)-এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন।
ওসির বিরুদ্ধে মাটি কাটার সিন্ডিকেট থেকে কমিশন নেওয়ার অভিযোগ তুলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযানে আছি! এই জায়গায় যদি আর মাটি কাটা হয়, তবে আপনার খবর আছে।
সম্প্রতি ফতুল্লার বক্তাবলী এলাকায় নদীর তীর থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার অভিযোগ ওঠে স্থানীয় একটি প্রভাবশালীদের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, পুলিশকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি, বরং পুলিশের অভিযানের খবর আগেভাগেই পৌঁছে যায় মাটি কাটার সিন্ডিকেটের কাছে।
ঘটনাটির খবর পেয়ে সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ কর্মকর্তাকে মোবাইল কলে সাশালেন সংসদ সদস্য আল আমিন। সেখানে তিনি ওসির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর ভাষায় তাকে জবাবদিহিতার আওতায় আনেন।
সংসদ সদস্য আল আমিন বলেন, "সাধারণ মানুষের ফসলি জমি এবং নদীর গতিপথ নষ্ট করে একশ্রেণীর অসাধু চক্র মাটি কেটে ব্যবসা করছে। অথচ নৌ পুলিশ অভিযান চালানোর নামে স্রেফ নাটক করছে। কমিশন খেয়ে চোখ বন্ধ রাখার দিন শেষ। এরপর যদি ওই এলাকায় একটিও মাটি কাটার ট্রলার বা ড্রেজার দেখা যায়, তবে নৌ পুলিশের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
হুঁশিয়ারির জবাবে নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটা বন্ধে তারা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখবেন এবং সংসদ সদস্যের নির্দেশনার পর ওই এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তবে সংসদ সদস্যের এমন কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা করছেন, স্থানীয় জনপ্রতিনিধির এই কড়া পদক্ষেপের ফলে বক্তাবলি ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের এই অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য বন্ধ হবে।









