শুভপুরে জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে কামরুল ফাউন্ডেশনের সংবর্ধনা
এম এ কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নম্বর শুভপুর ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কামরুল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দারোগারহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কামরুল ফাউন্ডেশনের সদস্য ইমাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজহারুল হক, দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা আক্তার এবং কামরুল ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।









