নোয়াখালীতে বসতঘরে আগুন, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালানগর এলাকায় একটি বসতঘরে আগুন লাগার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক কবির আহম্মদ।
অভিযোগে কবির আহম্মদ উল্লেখ করেন, গতকাল ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে ঘরের বাইরে বিকট শব্দ শুনে তিনি বের হন। এ সময় ঘরে আগুন জ্বলতে দেখেন। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কবির আহম্মদের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিদের দেওয়া আগুনে তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।









