ছাগলনাইয়ায় দুর্ধর্ষ চুরি
ছাগলনাইয়ায় দুর্ধর্ষ চুরি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট, আসবাবপত্র ভাংচুর
ফেনীর ছাগলনাইয়ায় সংঘবদ্ধ চোরের দল বসতবাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের আমান উল্লাহ ভূঁইয়ার নতুন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্হ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ীর মৃত নেছারুল হকের পুত্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত মোঃ নেজাম উদ্দিন গত ২০২৪ সালের ১২ নভেম্বর তার অসুস্থ মাতা আয়শা খাতুনকে ডাক্তার দেখাতে স্বপরিবারে ঢাকায় যান। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। ঘরের মধ্যে প্রবেশ করে সব কিছু এলোমেলো অবস্থায় দেখে বুঝতে পারে ঘরে চোর ঢুকেছিল। চোরের দল ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। এ সময় স্টিলের আলমারিতে থাকা নগদ এক লাখ, দশ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪ টি বিদেশী কম্বল, ১ টি মটর সহ মূল্যবান কাপড়-চোপড়সহ যাবতীয় মালামাল নিয়ে যায় এবং ঘরের মধ্যে ব্যাপক ভাংচুর চালায়। এব্যাপারে নেজাম উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় তাদের পাশের বাড়ীর মৃত সামছুর পুত্র গোলাম মরতুজা, মৃত আমির হোসেনের পুত্র জসিম উদ্দিন, জহির উদ্দিন, কপিল উদ্দিন ও তাহের উদ্দিনের পুত্র মোঃ নোমানসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। বাদী সাজেদা আক্তার জানান, বিবাদীদের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। চুরির ঘটনা আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।









