ডিসি-এসপির আশ্বাসে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা
মোঃ আশিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের একাধিক পোশাক কারখানার শ্রমিকরা। পরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফতুল্লার আবির ফ্যাশন, পলমল, আজাদ রিফাত, মেট্রো নিট, শিকটেক্স ও লিবার্টি গার্মেন্টসসহ আশপাশের একাধিক কারখানার শ্রমিকরা একযোগে রাজপথে নেমে আসেন। এ সময় তারা বেঁচে থাকার উপযোগী ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম। তাঁদের সঙ্গে স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতারাও শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
বিক্ষুব্ধ শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "আপনাদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। এ বিষয়ে সোমবার সরকারের উচ্চপর্যায়ে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।" সড়ক অবরোধ করে জনভোগান্তি না বাড়িয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং খুব শিগগিরই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসবে বলে আশ্বস্ত করেন তিনি।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" শ্রমিকদের উসকানিতে প্ররোচিত না হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি পেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে খুব দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।
প্রশাসন ও পুলিশের সুনির্দিষ্ট আশ্বাসের পর দুপুর গড়িয়ে শ্রমিকরা সড়ক থেকে সরে দাঁড়ান। এরপর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।