নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকদের সাথে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গণমাধ্যমকর্মীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন।
পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন নোয়াখালীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারে চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক আরও শক্তিশালী হলে জননিরাপত্তা বজায় রাখা সহজ হয় এবং সেবামুখী পুলিশিং আরও কার্যকরভাবে এগিয়ে যায়।”
তিনি এ ধরনের মতবিনিময় সভা জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ নিয়াকত আকবরসহ জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিগণ।










