কক্সবাজারের রামুতে এসআরবি-১৫ এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
আনছার কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সেখানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই দিন আনুমানিক সাড়ে চারটার দিকে নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খালেদা বেগম নামে এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী একটি চাষের জমির পাশের বাঁশের সাঁকো সংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কাদের হোছন ও খতিজা বেগম দম্পতির মেয়ে। তার বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া এ ঘটনায় তার দুই ছেলেসহ বেশ কয়েকজন সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মোবাইল ফোন এবং গ্রেফতারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াবহতা রোধ এবং যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?










পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।