ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩, আহত ৮
নোয়াখালী প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দ্রুতগতিতে আসা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০), একই উপজেলার দক্ষিণ জায়লস্কর এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক।
আহতদের মধ্যে রয়েছেন—জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০), মিষ্টি (১৪), নাফসি (২৬) ও সাহাব উদ্দিন (৫৫)। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।