স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

মাসুদ তাহের নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে স্বামীর মৃত্যুর খবরের শোক সহ্য করতে না পেরে লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছায়দুল হক (৫৯) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে যান কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানা যায়।

পরে পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ির পথে রওনা হন। এসময় স্ত্রী বিবি মরিয়ম (৫৫) অটোরিকশায় স্বামীর লাশের সঙ্গে ফেরার পথে স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার সকাল ৯টায় দম্পতিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হঠাৎ একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন এই দম্পতি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন