ফেনী সীমান্তে বিজিবি’র অভিযান: ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনী প্রতিনিধি:
ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৯৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদকের অবৈধ পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি’র এই ধরনের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।