চট্টগ্রামের সীতাকুণ্ডে পান বোঝাই মিনি ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ১
এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া এলাকায় পান বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুই পান ব্যবসায়ীর নিহত হয়েছেন। ঘটনায় আরো একজন গুরুতর: আহত হয়েছেন।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ঢাকামুখি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থেকে কাইয়ুম চৌধুরী জানিয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন,চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকায় রমণী মোহন চৌধুরীর পুত্র কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়ান নগর পূর্বপাড়া এলাকার মৃত ননী চৌধুরীর পুত্র সমীর চৌধুরী (৫৪)।
অপর আহত পান ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকার সাধন চৌধুরীর পুত্র উজ্জল চৌধুরী (৪৯)।
আহত উজ্জ্বলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, রাতে চট্টগ্রামের পটিয়া থেকে পিক-আপ এ পান বোঝাই করে মীরসরাই এর উদ্দেশ্যে রওনা হন উক্ত হতাহত তিন পান ব্যবসায়ী। তাদের পান বোঝাই পিক-আপ ভ্যানটি মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকা অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের খাদে উল্টে যায়। এতে পিক-আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা তিন পান ব্যবসায়ী গুরুতর: আহত হন।
পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক পান ব্যবসায়ী কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। এবং অপর আহত পান ব্যবসায়ী উজ্জল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান,দুর্ঘটনা পরবর্তীতে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত নিহত দুই পান ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই পান ব্যবসায়ী মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন।
ধারণা করা হচ্ছে-চালকের ঘুমের কারনে এই দূর্ঘটনা ঘটতে পারে।










