বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সোনাপুর-মাসকরায় বাড়িতে আগুনের ঘটনায় বিএনপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

সোনাপুর-মাসকরায় বাড়িতে আগুনের ঘটনায় বিএনপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
প্রিন্ট নিউজ

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর-মাসকরা গ্রামে একটি বাড়ির সব ঘরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি মো. বেলাল হোসাইন।

প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতারা দাবি করেন, সোনাপুর-মাসকরা গ্রামের ওই অগ্নিকাণ্ডের ঘটনা নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দ্বারা সংঘটিত হয়েছে। তাদের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়। তবে ঘটনার কয়েকদিন পর থেকে বিএনপি ‘ধানের শীষে ভোট না দেওয়ায় জামায়াতের আগুনে ঘর পুড়েছে’—এমন প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনাপুর ও মাসকরা গ্রামের আশপাশের এলাকার মানুষ ঘটনাটির প্রকৃত বিষয় সম্পর্কে অবগত এবং এটিকে রাজনৈতিক ঘটনা হিসেবে প্রচার করা সঠিক নয়।

জামায়াত নেতাদের অভিযোগ, রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বক্তব্যে ওই ঘটনায় জামায়াতকে দায়ী করেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও একই বিষয়ে জামায়াতকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির নেতারা দুই গ্রামের ভুক্তভোগীসহ চৌদ্দগ্রামবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তারা বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭