ছাগলনাইয়ায় ডাব ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিশেষ প্রতিনিধি, ছাগলনাইয়া:
ফেনীর ছাগলনাইয়া বাজারে চাঁদা না দেওয়া এবং ফুটপাত থেকে দোকান তুলে না নেওয়ায় এক ডাব ব্যবসায়ীর ওপর হামলা, মালামাল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আবুল কাশেম সোহাগ (৪৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডাব ব্যবসায়ী আব্দুল মোমিন প্রকাশ বসির (৬৫) ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্ট এলাকায় ফুটপাতে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত আবুল কাশেম সোহাগ (৪৫), পিতা- মৃত ইদ্রিস মজুমদার, দীর্ঘদিন ধরে তাকে উক্ত স্থান থেকে দোকান তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় জিরো পয়েন্টস্থ ডাবের দোকানে অবস্থানকালে অভিযুক্ত সোহাগ এসে আব্দুল মোমিনকে দোকান গুটিয়ে চলে যেতে বলে। এতে অনিচ্ছা প্রকাশ করলে সোহাগ তার ওপর ধারালো 'দা' নিয়ে আক্রমণের চেষ্টা চালায় এবং দোকানে থাকা বিক্রয়ের জন্য রাখা প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা মূল্যের ডাব কুপিয়ে ও ভেঙে নষ্ট করে ফেলে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সোহাগ প্রকাশ্য দিবালোকে হুমকি দেয় যে, ফুটপাতে ব্যবসা করতে হলে তাকে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হবে; অন্যথায় তাকে সরিয়ে নতুন লোককে দোকান বসাতে দেওয়া হবে। পরবর্তীতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে ভুক্তভোগীকে মারধরসহ হত্যা করার হুমকি দেওয়া হয়। এমনকি অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮২৩-৬৫৯৭৯৬) থেকে ভুক্তভোগীর ছেলে আজিম উদ্দিনের মোবাইলে ফোন করেও খুন-জখমের হুমকি প্রদান করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর ভুক্তভোগী আব্দুল মোমিন ছাগলনাইয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগটি জমা দেন।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।









