কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ৬ শীর্ষ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪
আনছারুল হক কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:
পর্যটন শহর কক্সবাজারে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন শীর্ষ ছিনতাইকারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শহরের কয়েকটি পয়েন্টে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে চিহ্নিত করে পৃথক ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে ও ট্র্যাকিংয়ের মাধ্যমে ৬ জন চিহ্নিত শীর্ষ ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









