রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলিসহ চারজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬:০০টায় রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকার ঝর্ণা মহলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—তারাবো এলাকার নবী হোসেনের দুই ছেলে নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), আব্দুর রহিমের ছেলে মোঃ সাজ্জাদ (২০) এবং শহিদুল ইসলামের ছেলে সফিকুল (২৪)।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।









