ছাগলনাইয়ায় কাজের প্রলোভন দেখিয়ে তিন শ্রমিককে অচেতন করে সর্বস্ব লুট
সাঈদ খান, ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। কাজের প্রলোভন দেখিয়ে কৌশলে অচেতন করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে একটি প্রতারক চক্র।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র ছাগলনাইয়া বাজার থেকে কাজ দেওয়ার কথা বলে তিন শ্রমিককে উপজেলার জঙ্গলমিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে কৌশলে তাদের অচেতন বস্তু খাইয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অসুস্থ শ্রমিকরা হলেন—সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার (চাচনা/রাধানগর) তরিকুলের ছেলে রিসেল মিয়া (২৫), আব্দুর রউফের ছেলে আক্তার হোসেন (২৭) এবং মৃত শহীদুল্লার ছেলে কোরবান আলী (৪৭)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও) জানান, হাসপাতালে ভর্তি হওয়া তিন শ্রমিক বর্তমানে আরোগ্যের পথে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধী চক্রটিকে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।









