ভূইগড় ফ্লোরেন্স এন ইংলিশ মিডিয়াম ভার্সন স্কুলের ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত
আরিফুল ইসলাম:
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে নারায়ণগঞ্জের ভূইগড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ফ্লোরেন্স এন ইংলিশ মিডিয়াম ভার্সন স্কুল-এর আয়োজনে ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত স্বনামধন্য সপ্তাহার এরিনা ফুটবল গ্যালারি মাঠে টুর্নামেন্টের এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় উভয় দলের শিক্ষার্থীরা দারুণ ক্রীড়াশৈলী ও নৈপুণ্য প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে দর্শকদের উপস্থিতিতে পুরো এরিনা মাঠ যেন এক মিনি স্টেডিয়ামে পরিণত হয়। ক্ষণে ক্ষণে দর্শক ও শিক্ষার্থীদের করতালি এবং উল্লাসে মেতে ওঠে চারপাশ।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে স্মারক ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে সুস্বাস্থ্য, দলীয় শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে স্কুল কর্তৃপক্ষের এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।









