বেরোবিতে অপশক্তির বিশৃঙ্খলা রুখতে মাঠে প্রস্তুত রংপুর জেলা যুবদল
আরিফুল ইসলাম:
দেশবিরোধী কোনো অপশক্তি যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে ফায়দা হাসিল বা "ঘোলা পানিতে মাছ শিকার" করতে না পারে, সে লক্ষ্যে সতর্ক অবস্থান ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে রংপুর জেলা যুবদল। সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে যুবদলের এক বিশেষ অবস্থান ও আলোচনা সভা থেকে এই কঠোর হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
যুবদল নেতৃবৃন্দ জানান, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা রুখে দিতে যুবদল রাজপথে থেকে পাহারা দেবে।
যুবদল নেতারা স্পষ্ট করে জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের গর্ব। এখানে যদি কোনো চক্রান্তকারী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।হ
সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতিহীন ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক সচেতন ও সজাগ থাকবে।
কোনো গুজবে কান না দিয়ে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল ও সচেতন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় রংপুর জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা একযোগে ঘোষণা দেন, রংপুর অঞ্চলে কোনো ধরনের অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না এবং শিক্ষাঙ্গনের সার্বিক স্থিতিশীলতায় তরুণসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।









