ফেনীর সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-চকলেট ও মিনি ট্রাক জব্দ।
ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
আজ সোমবার (২৭ই জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনীর ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।









