ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন সড়কে ঝরল আরও এক প্রাণ: ফুটওভার ব্রিজের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
আরিফুল ইসলাম:
নিরাপদ সড়কের দাবিতে বারবার আকুতি জানানো সত্ত্বেও টনক নড়ছে না প্রশাসনের। ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ব্যস্ত সড়কে ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও এক পথচারীর। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব নির্মম মৃত্যুর মিছিলে যুক্ত হলো নতুন একটি তাজা প্রাণ, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফতুল্লা স্টেডিয়ামের সামনের লিংক রোড (বিশ্বরোড) এলাকাটি অত্যন্ত জনবহুল ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী এবং পোশাক কারখানার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে এই পয়েন্ট দিয়ে রাস্তা পারাপার হন। কিন্তু এখানে পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ কিংবা প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রতি কয়েক দিন পরপরই এখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর ঝরে পড়ছে অমূল্য সব প্রাণ।
দুর্ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী রাজপথে নেমে আসেন। তারা প্রশ্ন তোলেন, “আর কত জীবন রাজপথে ঝরে গেলে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে?” দীর্ঘদিনের অবহেলা ও প্রশাসনের উদাসীনতার জবাব চেয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এ পয়েন্টে একটি টেকসই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের স্থানীয় প্রতিনিধি ও সাধারণ মানুষের দাবি একটাই—অবিলম্বে স্টেডিয়াম সংলগ্ন এই বিশ্বরোডে ফুটওভার ব্রিজ নির্মাণ করে পথচারীদের চলাচল নিরাপদ করতে হবে। আর কোনো মায়ের বুক খালি হোক, কিংবা আর কোনো তাজা প্রাণ রাজপথে পিষ্ট হোক—এমন দৃশ্য দেখতে চান না তারা।
এলাকাবাসীর হুঁশিয়ারি, যদি দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে তারা আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।