ফতুল্লায় বাড়ির ছাদে অবৈধ তামা গলানোর কারখানায় সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর দক্ষিণ মহল্লা এলাকায় আবাসিক ভবনের ছাদে অবৈধভাবে গড়ে ওঠা চোরাই তারের তামা গলানোর ‘বাটটি’ (কারখানা) সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক। কথিত ব্যবসায়ী সুমন ও শাহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে নন্দলালপুরের দক্ষিণ মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আবাসিক এলাকায় অবৈধ কারখানার দৌরাত্ম্য
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দলালপুর দক্ষিণ মহল্লা এলাকার একটি আবাসিক ভবনের ছাদে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চোরাই তারের তামা গলানোর অবৈধ বাটটি পরিচালনা করে আসছিল সুমন ও শাহিন সিন্ডিকেট।
বিভিন্ন স্থান থেকে চোরাই ক্যাবল ও তার এনে এখানে গলিয়ে তামার বাট তৈরি করা হতো। আবাসিক এলাকায় এমন বিপজ্জনক ও পরিবেশ দূষণকারী চুল্লি পরিচালনার কারণে প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠছিলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া চোরাই মালের ব্যবসার কারণে এলাকাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছিল।
এই অবৈধ ব্যবসার খবর পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ ও ভিডিও ফুটেজ নিতে যান স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ শুরু করলে সুমন ও শাহিন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শাহীন সাংবাদিকদের ওপর চড়াও হয়।
হামলাকারী শাহীন সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল আবাসিক এলাকায় এমন অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









