ফেক আইডির তথ্য যাচাইয়ে যোগাযোগ, সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকে পরিচালিত কথিত ফেক আইডির মাধ্যমে অপপ্রচারের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে এক সাংবাদিককে হুমকি, গালাগাল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে রাজধানীর মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী সারজিদ আহমেদ অপু, দৈনিক মুখপাত্র-এর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই তদন্তের স্বার্থে মো. জহিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিষয়টি ছিল দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আজিম মিয়াকে দীর্ঘদিন ধরে কথিত দুটি ফেসবুক ফেক আইডির মাধ্যমে লক্ষ্যবস্তু বানিয়ে আপত্তিকর পোস্ট, ভিডিও ও এআই-নির্ভর কনটেন্ট ছড়ানোর অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখা যাওয়ায় তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি উত্তেজিত হয়ে অশালীন ভাষায় কথা বলেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ফোনালাপ শেষ হওয়ার কিছুক্ষণ পর অজ্ঞাত পরিচয়ের একাধিক নম্বর থেকে অভিযোগকারীকে বারবার ফোন করা হয়। এসব কলের মাধ্যমে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. জহিরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।









