বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার ধামরাই থানার এসআই এনামুল হক পেলেন মাসিক অপরাধ সভায় পুরস্কার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাই থানায় যোগদানের প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) এস এম এনামুল হক। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসসহ একাধিক বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি এবং অর্থ দাবির ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এসআই এস এম এনামুল হককে এ পুরস্কার প্রদান করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন-এর কাছ থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান।

জানা যায়, পুরস্কার গ্রহণের সময় এসআই এনামুল হক আদালতে মামলার সাক্ষ্য প্রদানের কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরবর্তীতে আদালতে সাক্ষ্য প্রদান শেষে থানায় ফিরে অফিসার ইনচার্জ নাজমুল হুদা খানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ নিয়মিতভাবে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও অপহরণকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বিদেশি দূতাবাস ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দিয়ে অর্থ দাবির মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে এসআই এস এম এনামুল হকের ভূমিকা পুলিশের অভ্যন্তরে প্রশংসিত হয়েছে।

ধামরাই থানায় যোগদানের পরপরই এমন গুরুত্বপূর্ণ মামলার আসামিকে গ্রেফতারে সাফল্য এবং তার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রাপ্তি পুলিশ কর্মকর্তা এসআই এনামুল হকের পেশাগত কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

an adbox will go here