ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত এসব গাঁজা আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্ত এলাকাকে সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।