অভিযোগ দিলে দেখবো’ বলা ওসি পদে থাকতে পারবে না: নারায়ণগঞ্জ পুলিশ সুপার হাবিবুর রহমান
মোঃ আরিফুল ইসলাম:
থানায় আসা সেবাগ্রহীতাদের সঙ্গে অবহেলা বা গড়িমসি করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়নগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান। পুলিশের সেবা সহজীকরণ ও জনগণের আস্থা ফেরাতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানান, কোনো কর্মকর্তা বা ওসি যদি বলেন—‘অভিযোগ দিলে দেখবো’, তবে তিনি ওই পদে থাকার যোগ্যতা হারাবেন
এসপি হাবিবুর রহমান বলেন, “থানা হলো জনগণের শেষ ভরসাস্থল। সেখানে এসে যদি কেউ সরাসরি আইনি সহায়তা না পেয়ে গড়িমসি বা অবহেলার শিকার হন, তবে তা মেনে নেওয়া হবে না। কোনো ওসি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ না নিয়ে ‘আগে লিখিত দেন, পরে ভেবে দেখবো’— এমন উদাসীন মনোভাব দেখান, তবে তাঁর স্থানে অন্য যোগ্য কর্মকর্তা বসানো হবে।”
তিনি আরও স্পষ্ট করেন যে, পুলিশ বাহিনীকে সম্পূর্ণ জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
থানায় আসা বিচারপ্রার্থীদের হয়রানি করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই প্রাথমিক পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।
পুলিশিং সেবায় কোনো প্রকার স্বজনপ্রীতি, অনিয়ম বা আলসেমির স্থান থাকবে না।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উপস্থিত সকল কর্মকর্তাকে সাধারণ মানুষের অভিযোগ আন্তরিকতার সাথে গ্রহণ ও দ্রত নিষ্পত্তির নির্দেশনা দেন।