বাধার মুখে টাঙ্গাইলের অনুষ্ঠানে যাননি পরীমনি
বিনোদন প্রতিবেদক ও
প্রতিনিধি
কয়েক দিন ধরে টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন চিত্রনায়িকা পরীমনি। জানিয়েছিলেন, তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন। সবই ঠিকঠাক ছিল; কিন্তু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালিহাতী শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি পরীমনি। যদিও এর আগে এই প্রতিষ্ঠানের হয়ে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শোরুমের উদ্বোধন করেছিলেন পরীমনি।
জানা গেছে, আজ শনিবার বিকেল তিনটায় এলেঙ্গার টিন মার্কেটে কসমেটিক পণ্যের দোকান ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পরীমনির। কিন্তু কিছু মানুষের বাধার মুখে স্থগিত করা হয় এই অনুষ্ঠানের।