দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কর্মসূচী
মো:আরিফুল ইসলাম:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম মেইন রোড এলাকায় ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফতুল্লা স্টেডিয়াম মেইন রোডের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লার স্তূপ অপসারণের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন এবং ভারি যন্ত্রপাতির সাহায্যে সড়ক সংলগ্ন বর্জ্য পরিষ্কার করা হয়।
অভিযানকালে চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু নিজে উপস্থিত থেকে সরাসরি তদারকি করেন এবং স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বংশবৃদ্ধি রোধ করা অত্যন্ত জরুরি। কেবল সরকারের বা পরিষদের ওপর নির্ভর না করে আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও জানান, কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই ডেঙ্গু বিরোধী পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। ইউপি চেয়ারম্যানের এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগকে স্থানীয় সর্বস্তরের জনগণ সাধুবাদ জানিয়েছেন।