মহাখালীর ৭ তলা ভবনে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
মো: আরিফুল ইসলাম:
রাজধানীর মহাখালী এলাকায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রধান সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।