যানজট নিরসনে মাঠে নবাগত এসপি হাবিবুর রহমান: চাষাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন
মোঃ আশিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের অভিশাপ যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন জেলা পুলিশ। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পরিদর্শনকালে তিনি চাষাড়া মোড়, সোনালী ব্যাংক এলাকা, রেল ক্রসিং ও সরকারি তোলারাম কলেজ গেইটসহ আশেপাশের বেশ কয়েকটি ট্র্যাফিক পয়েন্ট ঘুরে দেখেন।
এ সময় নবাগত পুলিশ সুপার চাষাড়া এলাকার যানবাহন চলাচলের গতিপ্রকৃতি, যত্রতত্র হকার বসানো, ভ্রাম্যমাণ খাবারের ভ্যানের অবস্থান, শহীদ মিনার এলাকা এবং সড়কের সার্বিক ট্র্যাফিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। যানজটের মূল কারণগুলো চিহ্নিত করে তা দ্রুগ নিরসনে ট্র্যাফিক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, নগরবাসীকে যানজটমুক্ত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় শহর উপহার দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সড়ক শৃঙ্খলায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।