খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও সানডে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের ইন্তেকাল
মোঃ আরিফুল ইসলাম:
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সানডে ইন্টারন্যাশনাল হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি জাতীয় দৈনিক ‘ফলাফল’ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান মোস্তফা এ করিমের ছোট শ্যালক এবং মরহুম জয়নাল আবেদীনের কনিষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনার সার্জিক্যাল মোড়ে অবস্থিত গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় তাকে সন্ধানী ক্লিনিকে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৪ সেপ্টেম্বর তাকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, বৃদ্ধা মা, তিন বোন—ফরিদা খাতুন, লাইজু ও সাবরিনা—সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার বাদ এশা জানাজা শেষে নুরনগর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।









