কক্সবাজারে টানা ৫ ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলি গলি
আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারে গতকাল রাত ১০ টা থেকে শুরু হওয়া ৫ ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বিভিন্ন প্রধান সড়ক সহ অলিগলি। প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি ও দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
শহরের পর্যটন এলাকা ডলফিন মোড় থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট, নিরিবিলি অর্কিড,লাবনী পয়েন্ট ,বাজার ঘাটা ,বৌদ্ধমন্দির রোড, রুমালিয়ার ছড়া, সাবমেরিন ক্যাবল এলাকা,বিজিবি ক্যাম্প, সদর উপজেলা পরিষদ এলাকা সহ বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানি আবার কোন কোন জায়গায় কোমর পর্যন্ত পানি। বিশেষ করে পৌর এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে।পৌরসভা বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে প্রধান সড়কসহ বিভিন্ন দোকানপাট।
যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বেই ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করা হয়েছিল এবং বলা হয়েছিল আগামী আরো ৪ থেকে ৫ দিন পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
কক্সবাজারে আগত হাজার হাজার পর্যটক বৃষ্টির কারণে আবাসিক হোটেলে অবস্থান করতে হয়েছে কারণ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে ভারী পাত বৃষ্টি শুরু হয়।
অন্যদিকে পাহাড়ে ঢলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে ।পাহাড় থেকে নেমে আসা মাটিগুলো প্রধান সড়কের উপর চলে আসায় যান চলাচল বন্ধ হয়ে যায় । পাহাড়ী ঢলের কারণে রাস্তার পাশে বিভিন্ন ড্রেনগুলো ভরাট হওয়ার কারণে বৃষ্টির পানি চলাচল করতে না পারায় প্রধান সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়।
পাহাড় কাটার ব্যাপারে প্রশাসন থেকে বারবার নিষেধ করা হলেও তা কোন কাজে আসছে না। বিশেষ করে রুমালিয়ার ছড়া, সাবমেরিন কেবল স্টেশন ,কক্সবাজার সদর উপজেলা পরিষদ এলাকায় পাহাড় কাটার কারণে পাহাড়ি মাটি গুলো বৃষ্টির পানির সাথে শহরের প্রধান সড়কের উপর চলে আসায় রাস্তায় হাঁটু সমান মাটিতে ভরে যায় এবং চলাচল বন্ধ হয়ে যায় এতে কক্সবাজারে অফিস আদালতে আসা বিভিন্ন পর্যায়ের মানুষ এবং পর্যটক সহ গাড়িতে আটকা পড়ে যায়।
অন্যদিকে সাগর উত্তল থাকায় মাছ ধরা ট্রলার গুলো সাগরে যেতে পারছে না।
গতকাল বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবে ২ জন নিহত হয়েছে এবং ২ জন নিখোঁজ রয়েছে ।নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে জানা গেছে।









